হাজারো দর্শকের উচ্ছ্বাসে কাশিমপুরে প্রশাসক গোল্ডকাপের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত
গ্যালারিজুড়ে হাজারো দর্শকের উচ্ছ্বাস, খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (১৬ অক্টোবর) গাজীপুর মহানগরের কাশিমপুরের গিয়াস উদ্দিন সরকার ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে গাছা অঞ্চল-৩-কে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টঙ্গী অঞ্চল-১। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনো দলই গোলের দেখা পায়নি।
ফলে গোলশূন্য ড্রয়ে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। পরে টাইব্রেকারে গাছা অঞ্চল-৩-কে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে টঙ্গী অঞ্চল-১। ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীর ব্যাপক উপস্থিতি দেখা যায়। খেলোয়াড়দের প্রতিটি আক্রমণ, পাল্টা আক্রমণ ও গোলের প্রচেষ্টায় দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ পরিণত হয় উৎসবের মিলনমেলায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমীরা।
ফাইনাল খেলাকে ঘিরে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আয়োজকদের এ উদ্যোগ তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করাই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য। জমজমাট ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামলেও দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের লড়াই স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে।








