শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পূজামণ্ডপে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও পরিদর্শন কার্যক্রম চলছে। এ সময় অগ্নিনির্বাপণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ প্রচার করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রতিটি পূজামণ্ডপে ন্যূনতম একটি পাঁচ কেজি ওজনের অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এতে কোনো অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এবং যেকোনো ধরনের দুর্ঘটনা মোকাবিলায় প্রতিমা বিসর্জন পর্যন্ত ফায়ার সার্ভিসের টহল ও পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








