চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ৬টি স্বর্ণের বারসহ মো. দবির উদ্দিন (৫৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এই স্বর্ণের মোট ওজন ৭০০ গ্রাম।শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ মুন্সিপুর বিওপির একটি চৌকস টহল দল এই সফল অভিযান পরিচালনা করে। আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মো.
দলিলের ছেলে।বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিওপির হাবিলদার মো. আল আমিনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তে অবস্থান নেয়। টহল দলটি সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর এলাকার একটি কবরস্থানের পাশ থেকে সন্দেহভাজন হিসেবে দবির উদ্দিনকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে সুকৌশলে লুকিয়ে রাখা ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.
নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে অবৈধ চোরাচালানের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তাকে দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। একই সাথে জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।সীমান্ত সুরক্ষায় বিজিবির অবস্থান পুনর্ব্যক্ত করে ব্যাটালিয়ন অধিনায়ক আরও বলেন, দেশের অর্থনৈতিক ক্ষতি সাধনে লিপ্ত চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিজিবি সর্বদা প্রস্তুত।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এই বিশেষ অভিযান এবং কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






