কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে একই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পৃথক দুটি পুশ-ইন অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত এসব প্রচেষ্টায় মোট ১০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিজিবির সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক প্রতিরোধের মুখে ব্যর্থ হয়ে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পুশ-ইনের একটি চেষ্টা চালানো হয়। সীমান্ত পিলার ১৫৩/৯-এস থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা দুই পুরুষ ও দুই নারীসহ চারজন অজ্ঞাতপরিচয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সকাল আনুমানিক ৮টার দিকে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
অন্যদিকে, একই দিন ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে মেহেরপুর জেলার গাংনী উপজেলার রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আরও ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। তাদের মধ্যে দুইজন পুরুষ ও চারজন নারী ছিলেন। বিজিবির গোয়েন্দা তথ্য, সীমান্তে টহল দলের সতর্ক অবস্থান এবং তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের এ প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়। পরে সকাল আনুমানিক ৮টার দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই ছয়জনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
দুটি ঘটনার পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
একই দিনে কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুরের গাংনী সীমান্তে পৃথক দুটি পুশ-ইন অপচেষ্টা প্রতিহত করার ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির সতর্কতা ও তৎপরতার বিষয়টি আবারও সামনে এসেছে।








