ফরিদপুরের আলফাডাঙ্গায় ইশাপাশা কাদেরিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসার উদ্যোগে এক ব্যতিক্রমী অভিভাবক সমাবেশ, মেধা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ক্ষুদে শিক্ষার্থীরা সুন্নাহভিত্তিক দাফন-কাফন ও বিবাহ সম্পাদনের সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করে। এছাড়া কোরআন তিলওয়াত, হামদ-নাত, সুন্দর হাতের লেখা এবং বাংলা ও ইংরেজি বিষয়ের ওপর নিজেদের দক্ষতা তুলে ধরে কোমলমতি শিক্ষার্থীরা। তাদের এমন সুনিপুণ উপস্থাপনায় মুগ্ধ হন উপস্থিত অতিথিরা।
মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মুর্তজার সভাপতিত্বে এবং মুহতামিম মুফতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হুসাইন। অনুষ্ঠানে উপস্থিত কোমলমতি শিশুদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেন ডা. সুমন রায়। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।








