১০ অক্টোবর শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ অক্টোবর বিকেল ৩টায়।
পরীক্ষার্থীদের পরীক্ষার আনুষঙ্গিক তথ্য দ্রুতই মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, শনিবার সকাল ১১টায় ১১তম গ্রেডের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৩ লাখ ১৯ হাজার প্রার্থীর। রাজধানীর ৯৫টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
কিন্তু পরীক্ষার আগের রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। পরীক্ষার দিন সকালে বিষয়টি আরও আলোচনায় আসে। একপর্যায়ে পরীক্ষা শুরুর আগমুহূর্তে তা স্থগিতের সিদ্ধান্ত নেয় অধিদপ্তর।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশাসন উইংয়ের পরিচালক ডি এম আতিকুর রহমান জানান, ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত একটি পোস্ট দেখার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শনিবার রাজধানীর মিরপুর, মানিক মিয়া অ্যাভিনিউ, নীলক্ষেত, মতিঝিল ও শাহবাগসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। কয়েকটি স্থানে সড়ক অবরোধ করায় যান চলাচল ব্যাহত হয়। একদল প্রার্থী যুব উন্নয়ন অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও অবস্থান নেন। কোথাও কোথাও পরীক্ষার্থীদের মিছিল করতে এবং প্রবেশপত্র পুড়িয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়।
পরীক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে টাকা খরচ করে ঢাকায় এসে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিতের খবর পেয়ে তারা আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছেন। তাদের দাবি, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
চাকরিপ্রার্থীরা পাঁচ দফা দাবি জানিয়েছেন। এগুলো হলো—প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কার, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ, প্রশ্নপত্রের অন্তত চারটি সেট তৈরি, ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটের মতো স্বতন্ত্র প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশ্ন প্রণয়ন এবং পরীক্ষা স্থগিত হলে অন্তত ১০ দিন আগে পরীক্ষার্থীদের জানানোর ব্যবস্থা করা।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।








