আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নওগাঁর মান্দায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আতিয়া খাতুন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলিফ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মাকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, ঠাকুর মান্দা রঘুনাথ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক এবং প্রসাদপুর রাধাগোবিন্দ জিউ মন্দিরের সভাপতি মনোজিৎ কুমার সরকার।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ উপজেলার ১২৬টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক ও বিদ্যুৎ ব্যবস্থাপনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।








