
বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির ২০২৭ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত”আতা-ওহাব পরিষদ”। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১৫টি পদের সবকটিতেই জয় পেয়েছেন এ প্যানেলের প্রার্থীরা।
অন্যদিকে জামায়াত-সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত”রিয়াজ-সিরাজ পরিষদ”কোনো পদেই জয়লাভ করতে পারেনি।
শুক্রবার(২৭নভেম্বর’২৬)সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির গওহর আলী বার ভবনে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে মোট ৯৫২ জন ভোটারের মধ্যে ৮৮৯ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।ভোট গণনা শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফলাফল অনুযায়ী,সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ আতাউর রহমান (আতা)৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ উদ্দিন পেয়েছেন ১৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ আব্দুল ওহাব ৬৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তাঁর প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম আকন্দ পেয়েছেন ১৫০ ভোট।
সহ-সভাপতি পদে রেজাউল বারী তারা ৬৫৪ ভোট এবং রহমতুল বারী তালুকদার ৬১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফারুক আহমেদ ৫০৪ ভোট এবং আ.ন.ম. বজলুর রশীদ শাহীদ ৫৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এ ছাড়া লাইব্রেরী সম্পাদক পদে আশাবুদজামান আশিব ৫৯৫ ভোট,ক্রীড়া সম্পাদক পদে এ কে এম আকিল আহম্মেদ মোমিন ৪২৫ ভোট, সমাজকল্যাণ সম্পাদক পদে আব্দুল্লাহেল কাফি (২)৫৯০ ভোট এবং ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আল আমিন রাসেল ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্যের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ সেলিম রানা (৬১৩ ভোট), অ্যাডভোকেট খায়রুল আলম (৫৯১ ভোট), অ্যাডভোকেট মোছাঃ সুলতানা খাতুন (৫৮৫ ভোট), অ্যাডভোকেট এনামুল হক-১ (৫৭৯ ভোট) এবং অ্যাডভোকেট ছানোয়ার হোসেন (৫০৮ ভোট)।
নির্বাচনে আতা-ওহাব পরিষদের পূর্ণ প্যানেলের বিজয়কে বিএনপি-সমর্থিত আইনজীবীদের সাংগঠনিক সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নির্বাচনের আগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর আগ্রহ থাকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করা হয়।এতে সভাপতি পদে আতাউর রহমান আতা এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল ওহাব মনোনয়ন পান।
নির্বাচনে দুই প্যানেলের দলীয় সমর্থনের পাশাপাশি স্বতন্ত্র,আওয়ামী লীগ,জাতীয় পার্টি ও অন্যান্য রাজনৈতিক মতাদর্শের আইনজীবীদের ভোটের সমীকরণও আলোচনায় ছিল।তবে শেষ পর্যন্ত সব পদে জয়লাভ করে পূর্ণ প্যানেলের বিজয় নিশ্চিত করে আতা-ওহাব পরিষদ।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব বগুড়া বারের সব বিজ্ঞ আইনজীবী এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,আইনজীবীদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা,কল্যাণ তহবিলের কার্যকর ব্যবহার,বার ভবনের আধুনিকায়ন,নবীন আইনজীবীদের প্রশিক্ষণ এবং নারী আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।এ জন্য তিনি সব আইনজীবীর সহযোগিতা কামনা করেন।
ফলাফল ঘোষণার পর জেলা বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বিজয়ী প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য,বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন এবং উত্তরবঙ্গের বৃহত্তম বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির এবারের নির্বাচনে কার্যকরী পরিষদের পদসংখ্যা ১৩ থেকে বাড়িয়ে ১৫ করা হয়।৯৫২ জন ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনের মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হলো।





