
কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ১৮ বছর পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে বুধবার (২৫ নভেম্বর) এ রায় ঘোষণা করেন আদালত।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। নিহত জয়নাল আবেদীনও একই এলাকার বাসিন্দা ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রহম আলী।
মামলার এজাহার ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন জয়নাল আবেদীন। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে হোটেলে যান শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। একপর্যায়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে তাঁরা জয়নালকে হোটেল থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা এলাকার মাঝখান থেকে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী প্রথমে টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হলে তদন্তে হত্যাকাণ্ডের বিষয়ে নতুন তথ্য-উপাত্ত উঠে আসে।
সিআইডির তদন্তে প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। পরবর্তী সময়ে তদন্ত শেষে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি।দীর্ঘ বিচারিক কার্যক্রমে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দেন।







