ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে উদীয়মান খেলোয়াড় অন্বেষণের লক্ষ্যে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন ২) খেলোয়াড় বাছাই পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ইউনিয়নের জাটিগ্রাম মমতাজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বাছাই কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় উদীয়মান খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিয়ার রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা কামরুল ইসলাম দাউদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল কাদের তুহিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম ও ইউনিয়ন বিএনপি নেতা মো. গিয়াসউদ্দিন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠকরা সেখানে উপস্থিত থেকে বাছাই পর্ব তদারকি করেন।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, গ্রামীণ ফুটবল ও ক্রীড়া চর্চাকে নতুন করে প্রাণবন্ত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের আয়োজন যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তৃণমূল থেকে উঠে আসা এই প্রতিভারা আগামী দিনে জাতীয় পর্যায়ে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।







