বরেণ্য শিক্ষাবিদ, আইনজ্ঞ ও খ্যাতিমান নাট্যকার নুরুল মোমেনের জন্মদিন আজ। ১৯০৬ খ্রিষ্টাব্দের ২৫ নভেম্বর ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ গ্রামের খান বাহাদুর বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা নুরুল আরেফিন ছিলেন একজন হোমিওপ্যাথি চিকিৎসক।
শিক্ষাজীবনে তিনি ঢাকা মুসলিম হাই স্কুল থেকে ১৯২৪ খ্রিষ্টাব্দে ম্যাট্রিক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে ১৯২৬ খ্রিষ্টাব্দে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৯ খ্রিষ্টাব্দে বিএ পাস করেন। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএল ডিগ্রি অর্জন করে ১৯৩৬ খ্রিষ্টাব্দে কলকাতা হাইকোর্টে আইন পেশায় যোগ দেন।
১৯৪২ খ্রিষ্টাব্দে ঢাকা বেতারে প্রচারিত ‘রূপান্তর’ নাটকের মাধ্যমে নাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করেন নুরুল মোমেন; নাটকটি তিনি নিজেই পরিচালনা করেছিলেন এবং ১৯৪৭ খ্রিষ্টাব্দে তা গ্রন্থাকারে প্রকাশিত হয়। ১৯৪৫ খ্রিষ্টাব্দে ‘শনিবারের চিঠি’ পত্রিকায় প্রকাশিত এবং ১৯৪৮ সালে গ্রন্থরূপ পাওয়া তার ‘নেমেসিস’ নাটক বাংলা নাট্যসাহিত্যে বিশেষ মাইলফলক। চল্লিশের দশকের মন্বন্তরের পটভূমিতে লেখা এই নাটকে মাত্র একটি চরিত্রের দীর্ঘ সংলাপের মধ্য দিয়ে সম্পূর্ণ নাট্যকাহিনী ও পরিপূর্ণ চিত্র ফুটিয়ে তোলার অভিনব রচনাশৈলী নাট্যামোদীদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।
১৯৪৫ খ্রিষ্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন এবং ১৯৪৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় তার রম্যরচনা ‘বহুরূপা’। একই বছর উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে গিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি লাভ করেন। লন্ডনে অবস্থানকালে তিনি বিবিসির বাংলা অনুষ্ঠানে শিশুদের আসর ‘কাকলী’ পরিচালনা করেন এবং এক বছর লন্ডনস্থ পাকিস্তান দূতাবাসে শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে তিনি ফজলুল হক হলের প্রভোস্ট, আইন বিভাগের ডিন, প্রক্টর ও ট্রেজারারের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ১৯৭২ খ্রিষ্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।
সমকালীন সমাজের অসংগতি ও দ্বন্দ্ব ব্যঙ্গরসের আশ্রয়ে বিভিন্ন চরিত্রের মাধ্যমে বলিষ্ঠভাবে তুলে ধরাই নাট্যশিল্পী হিসেবে নুরুল মোমেনের বড় কৃতিত্ব। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে— ‘যদি এমন হতো’, ‘নয়া খান্দান’, ‘আলোছায়া’, ‘আইনের অন্তরালে’, ‘শতকরা আশি’, ‘রূপলেখা’ ও ‘যেমন ইচ্ছা তেমন’।
সাহিত্য ও নাট্যকর্মে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক লাভ করেন। পাশাপাশি কলকাতায় সংবর্ধনা, যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল প্লেয়ার্স সংগঠনের সংবর্ধনা, ব্রিটেনের থিয়েটার ব্যক্তিত্বদের সংবর্ধনা এবং বাংলাদেশের ‘থিয়েটার’ নাট্যদলের সংবর্ধনায় ভূষিত হন। ১৯৮৯ খ্রিষ্টাব্দের ১৬ ফেব্রুয়ারি ঢাকার গুলশানে এই গুণী ব্যক্তিত্ব মৃত্যুবরণ করেন।







