
খুলনা নগরীর টুটপাড়া এলাকা থেকে ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে সেজান নামে একজনকে শীর্ষ সন্ত্রাসীর সহযোগী বলে দাবি করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে খুলনা সদর থানা-পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন টুটপাড়া এলাকার সত্তার ও নয়ন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে টুটপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, শটগানের চারটি গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার সেজান খুলনার একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের ঘনিষ্ঠ সহযোগী। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করার প্রস্তুতি চলছে।







