বেতন বৃদ্ধির দাবিতে আবারও অস্থির হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। রবিবার (২২ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এই ঘটনার জেরে প্রায় পৌনে এক ঘণ্টা ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি শুরু করেন। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল বের করেন। বেলা ১১টার দিকে তারা গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে প্রায় পাঁচ মিনিটের জন্য যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি দেখে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে পাশের আনসার রোডের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান।
মিছিলটি আশপাড়া মোড়ে সাবলাইম কারখানার সামনে পৌঁছালে শ্রমিকরা সেখানে অবস্থান নেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়লে শ্রমিকরা পিছু হটে ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় গিয়ে জড়ো হন। সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে শ্রমিকদের আনসার রোড থেকে পশ্চিম দিকে সরিয়ে দেওয়া হলে দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল জানান, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এরপরই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে, শিল্পাঞ্চলে নতুন করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার বাহিনীর বিপুলসংখ্যক সদস্য এলাকায় মোতায়েন রাখা হয়েছে।







