খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ধারাবাহিক পথসভা ও তিন থানা এলাকায় মোটরসাইকেল মহড়া দিয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে সংগঠনের সদস্যসচিব ইস্তিয়াক আহমেদ ইস্তির নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
নগরীর শিববাড়ি, খানজাহান আলী রোড, ডাকবাংলা, রূপসা, লবণচরা, সাতরাস্তা ও রয়েল মোড়ে এসব পথসভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি মহানগরীর তিন থানা এলাকায় মোটরসাইকেল মহড়া দেন সংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় ইস্তিয়াক আহমেদ ইস্তি বলেন, নগরীর শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন নাশকতা, সহিংসতা কিংবা অন্য কোনো অপতৎপরতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের চেয়ে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ। যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নগরীর শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা হলে নেতাকর্মীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বক্তব্য দেন নেতারা।
ধারাবাহিক পথসভা ও মোটরসাইকেল মহড়ার মধ্য দিয়ে নগরীতে সাংগঠনিক উপস্থিতি জানান দেয় স্বেচ্ছাসেবক দল।







