সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে। গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৯০২ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, খুলনা বিভাগে ৩০৬ জন, রংপুর বিভাগে ৬৬ জন, বরিশাল বিভাগের ২১৬ জন, রাজশাহী বিভাগে ১০৫ জন এবং সিলেট বিভাগে ৯ জন আক্রান্ত হয়েছেন।
আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৩৬০ জন। এদের মধ্যে ৮২ হাজার ৩৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৭৫৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছেন ২৭১ জন।








