বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে পড়ে রাফিউল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শেরপুর পৌরসভার পূর্ব ঘোষপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিউল ইসলাম ওই এলাকার অটোরিকশাচালক আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির কাছেই করতোয়া নদীর পাড়ে খেলতে যায় রাফিউল। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গে থাকা অন্য শিশুরা দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন নদীতে নেমে রাফিউলকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, নদীতে পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
প্রয়োজনীয় আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।







