সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে রাস উৎসবে নির্ধারিত পথ ব্যবহার না করে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে ১০৭ জনকে আটক করেছে বন বিভাগ। দুই রাতের অভিযানে তাঁদের আটক করা হয়। পরে বন আইনে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ আদায়ের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ২২ ও ২৩ নভেম্বর রাতভর পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা বিশেষ অভিযান চালান। এ সময় দুবলার চরের আলোর কোলে যাওয়ার নির্ধারিত পাঁচটি পথ এড়িয়ে অন্য পথে প্রবেশের চেষ্টা করছিলেন ওই ব্যক্তিরা। তাঁদের বিরুদ্ধে নিজেদের পরিচয় গোপন করারও অভিযোগ রয়েছে।
বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলার চরের আলোর কোলে প্রতিবছর ঐতিহ্যবাহী রাস উৎসব ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পুণ্যার্থীদের যাতায়াত, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে পাঁচটি নির্ধারিত পথ নির্দিষ্ট করা হয়েছিল। এসব পথ ব্যবহার করেই উৎসবে অংশ নেওয়ার নির্দেশনা ছিল।
বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, এবারের রাস উৎসব ও পুণ্যস্নানে শুধু হিন্দু ধর্মাবলম্বীদের অংশগ্রহণের অনুমতি ছিল। রাধা-কৃষ্ণের পূজা-অর্চনা ও ধর্মীয় আচার পালনের জন্য নির্ধারিত নিয়ম অনুসরণ করে তাঁদের উৎসবস্থলে যাওয়ার কথা ছিল। অন্য ধর্মাবলম্বীদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং রাস উৎসবের শৃঙ্খলা বজায় রাখতে বন বিভাগের নজরদারি ও টহল জোরদার করা হয়েছিল। নির্ধারিত পাঁচটি পথ ব্যবহার না করে পরিচয় গোপন রেখে আলোর কোলে প্রবেশের চেষ্টাকালে রাতভর অভিযান চালিয়ে ১০৭ জনকে আটক করা হয়। পরে বন আইনের বিভিন্ন ধারায় তাঁদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সংরক্ষিত বনাঞ্চলের নিরাপত্তা ও ধর্মীয় উৎসবের পবিত্রতা রক্ষায় কোনো ধরনের অনিয়ম বা অবৈধ অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
বন বিভাগ জানায়, এবারের রাস উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। নির্ধারিত নিয়ম ও পথ অনুসরণ করে হিন্দু সম্প্রদায়ের ১০ হাজারের বেশি পুণ্যার্থী এবার দুবলার চরের রাস উৎসব ও পুণ্যস্নানে অংশ নেন।







