মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফের ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা আবেদনের প্রক্রিয়া শুরু হতে চলেছে। আগামী পহেলা ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করছে বাংলাদেশ সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্যে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং দীর্ঘমেয়াদে অবস্থানরত বিদেশি নাগরিকদের বাংলাদেশি ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই দুই কেন্দ্রে ভিসা আবেদনসংক্রান্ত পরিষেবা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেসকে (এসজিজিএস)।
জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ে বসবাসকারী ভারতীয় নাগরিকদের পাশাপাশি ওই রাজ্যগুলোতে দীর্ঘমেয়াদে অবস্থানরত বিদেশি নাগরিকরাও এই কেন্দ্রগুলোর মাধ্যমে বাংলাদেশের ভিসার জন্য আবেদন জমা দিতে পারবেন।
এজন্য সংশ্লিষ্ট সংস্থাকে আউটসোর্সড সার্ভিস প্রোভাইডার হিসেবে নিয়োগ করেছে বাংলাদেশ সরকার।
নতুন ব্যবস্থা অনুযায়ী, কলকাতার ভিসা আবেদন কেন্দ্রটি চালু হবে সল্টলেকের সেক্টর ফাইভে, সিমসিস টাওয়ার্স, প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, কলকাতা-৭০০০৯১ ঠিকানায়।
অন্যদিকে, শিলিগুড়ির কেন্দ্রটি চালু হবে সেবক রোডের সিটি মলের প্রথম তলায়, শিলিগুড়ি, দার্জিলিং-৭৩৪০০১ ঠিকানায়।
বাংলাদেশ উপ-হাইকমিশনের তরফে সংশ্লিষ্ট পাঁচটি রাজ্যের ভিসা আবেদনকারীদের নতুন এই কেন্দ্রগুলোর মাধ্যমে আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর আগে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল ‘ডিইউ ডিজিটাল’ নামে একটি বেসরকারি সংস্থা। কলকাতার সল্টলেক ও শিলিগুড়িতে অবস্থিত ওই সংস্থার কেন্দ্রগুলোর মাধ্যমে ভিসার আবেদনপত্র সংগ্রহ করা হতো। পরবর্তীতে সেগুলো পাঠিয়ে দেওয়া হতো কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে। সেখানে ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হওয়ার পর আবেদনকারীরা সংশ্লিষ্ট সংস্থার কার্যালয় থেকে ভিসাসহ পাসপোর্ট সংগ্রহ করতেন। তবে চলতি মাসের ৩০ নভেম্বর ওই সংস্থার পরিষেবার মেয়াদ শেষ হচ্ছে।
নতুন সংস্থার হাতে ভিসা আবেদনসংক্রান্ত পরিষেবার দায়িত্ব তুলে দেওয়ার এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।








