বগুড়ার সুবিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। বিদ্যালয়টিতে চারতলা ভিতবিশিষ্ট একটি নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বগুড়ার জেলা শিক্ষা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, বগুড়া মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মশিউর রহমান শামীম এবং বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম বিটু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বগুড়া মহানগর বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ সহিদুল আলম সঞ্জু। এ সময় বগুড়া মহানগর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহীদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রণ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান রয়েল।
নতুন একাডেমিক ভবন নির্মিত হলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের অবকাঠামোগত সুবিধা সম্প্রসারিত হবে এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব করার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।








