খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইমরানসহ পাঁচজনকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। শনিবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইমরান, আইচগাতি এলাকার আনোয়ার খানের ছেলে ইমন খান, রাজাপুর এলাকার আব্দুর রশিদের ছেলে মো. আল আমিন, বাহাপুর এলাকার রুহুল মুন্সির ছেলে রফিকুল ইসলাম এবং আইচগাতি এলাকার আব্দুল হালিম সিকদারের ছেলে হানিফ সিকদার।
এসআরবি’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ ও এসআরবি-২-এর সদস্যরা ঢাকার মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ইমরান খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ও শুটার। খুলনার আদালত চত্বরে জোড়া খুন এবং রূপসায় আলোচিত জয় ঢালী ও তাঁর বাবা আক্তার ঢালী হত্যা মামলাসহ বিভিন্ন থানায় তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।







