খুলনায় ২০২৭ সালের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে। খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যু করা এবং খুলনায় বসবাসরত অন্য জেলার জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যু করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এ সময় নবায়ন করা হবে।
এ বিষয়ে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত গণবিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অস্ত্রের ডিলার, মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিং প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০২৫ অনুযায়ী নির্ধারিত ফি (ভ্যাট ও উৎস করসহ) ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এরপর চালানের মূল কপি, গোলাবারুদসহ লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত করে নবায়ন সম্পন্ন করতে হবে। অস্ত্র ও গোলাবারুদ থানায় অথবা সেফ কিপিংয়ে জমা থাকলে সংশ্লিষ্ট রসিদ প্রদর্শন করতে হবে।
নবায়নের আবেদনের সঙ্গে লাইসেন্সধারীর মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা, মূল লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেওয়া বাধ্যতামূলক। এ ছাড়া আগের বছরের গোলাবারুদ ব্যবহারের পূর্ণাঙ্গ হিসাব এবং থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) কপি দাখিল করতে হবে। এসব তথ্য সঠিকভাবে জমা না দিলে লাইসেন্স নবায়ন করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কয়রা ও পাইকগাছা উপজেলার লাইসেন্স নবায়ন করা হবে।
পরবর্তী সময়ে ৬ ডিসেম্বর বটিয়াঘাটা ও দাকোপ, ৭ ডিসেম্বর ডুমুরিয়া ও ফুলতলা, ৮ ডিসেম্বর রূপসা ও তেরখাদা উপজেলার লাইসেন্স নবায়ন করা হবে।
নগরীর থানা এলাকাগুলোর মধ্যে ৯ ডিসেম্বর খুলনা সদর ও লবণচরা, ১০ ডিসেম্বর সোনাডাঙ্গা ও খালিশপুর, ১৩ ডিসেম্বর দৌলতপুর ও খানজাহান আলী এবং ১৪ ডিসেম্বর আড়ংঘাটা ও হরিণটানা থানা এলাকার লাইসেন্স নবায়ন করা হবে। এ ছাড়া ২০ ডিসেম্বর দিঘলিয়া উপজেলার লাইসেন্স নবায়নের তারিখ নির্ধারণ করা হয়েছে।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ছাড়া বাকি সব এলাকার লাইসেন্স নবায়ন করা হবে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের ২২০ নম্বর কক্ষে অবস্থিত জুডিশিয়াল মুন্সিখানা শাখায়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
নির্ধারিত দিনে যাঁরা লাইসেন্স নবায়ন করতে পারবেন না এবং খুলনায় বসবাসরত অন্য জেলার জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যু করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের জন্য ২১, ২২, ২৩, ২৪, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর নবায়নের সুযোগ রাখা হয়েছে। তাঁদেরও সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের ২২০ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে।







