চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাহাড়ি জনপদে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণী পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন। কেউ উচ্চশিক্ষা শেষ করে কর্মজীবনে প্রবেশ করেছেন, কেউ আবার কর্মক্ষেত্রের দায়িত্ব সামলে এগিয়ে নিচ্ছেন পড়াশোনা। দুর্গম যোগাযোগব্যবস্থা, আর্থিক সংকট ও সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছেন তাঁরা।সরেজমিনে দেখা যায়, ফটিকছড়ির হারুয়ালছড়ি, খিরাম, কাঞ্চননগর ও সুয়াবিলসহ উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকা এবং চা-বাগানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস।
একসময় এসব এলাকার অনেক পরিবারের মেয়েদের জন্য উচ্চশিক্ষার স্বপ্ন দেখা ছিল কঠিন। যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা, আর্থিক সংকট ও সামাজিক নানা বাধায় অনেকের পড়াশোনা এগিয়ে নেওয়া সম্ভব হতো না। তবে সময়ের পরিবর্তনে সেই চিত্র বদলাতে শুরু করেছে। নতুন প্রজন্মের তরুণীরা এখন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কর্মক্ষেত্রেও নিজেদের যোগ্যতার পরিচয় দিচ্ছেন।
ফটিকছড়ি উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২২ সাল পর্যন্ত উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা ছিল ১২ হাজার ৮৭৭ জন। এর মধ্যে ত্রিপুরা জনগোষ্ঠীর ৮ হাজার ৯৯১ জন, চাকমা ১ হাজার ৩১৩ জন এবং অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২ হাজার ৫৭৩ জন। উপজেলার মোট জনসংখ্যার প্রায় ২ দশমিক ০১ শতাংশ এসব জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা জানান, গত দুই দশকে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার সুযোগ সম্প্রসারণের ফলে পরিবারগুলোর মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বেড়েছে। বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণ ও কর্মজীবনে যুক্ত হওয়ার প্রবণতা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
দৈনিক নতুন দিন প্রতিনিধির সঙ্গে কথা হয় সীমা মারমার। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একটি প্রকল্পে কর্মরত। স্নাতকোত্তর সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করেছেন তিনি। তাঁর পরিবারের একজন সদস্য সরকারি চাকরি করেন, আরেক বোন পড়াশোনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একসময় পাহাড়ি এলাকায় বসবাস করলেও বর্তমানে তাঁরা ফটিকছড়ি সদরে ভাড়া বাসায় থাকেন।
শিক্ষা ও কর্মজীবনে এগিয়ে যাওয়ার পাশাপাশি সামাজিক বৈষম্যের অভিজ্ঞতাও রয়েছে সীমার। তিনি বলেন, কর্মক্ষেত্রে ভাষাগত জটিলতার পাশাপাশি সামাজিক দূরত্ব ও বৈষম্যমূলক আচরণের মুখোমুখি হতে হয় তাঁকে। স্থানীয় অনেকেই এখনো তাঁদের আপনজনের মতো গ্রহণ করতে চান না। ফলে শিক্ষিত ও কর্মজীবী হিসেবে এগিয়ে যাওয়ার পথেও সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে।
ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা এখন মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাচ্ছে। নতুন প্রজন্মের অনেকেই শিক্ষার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে।
হিউম্যান রাইটস ফাউন্ডেশন ফটিকছড়ি শাখার সভাপতি অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস বলেন, বর্তমানে ফটিকছড়ির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক তরুণী সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, বিদ্যালয় ও উন্নয়ন সংস্থায় কাজ করছেন। তাঁদের কেউ স্নাতক পর্যায়ে অধ্যয়নরত, আবার কেউ স্নাতকোত্তর সম্পন্ন করে কর্মজীবনে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন। শিক্ষা ও কর্মক্ষেত্রে তাঁদের এই অগ্রযাত্রা পাহাড়ি জনপদের প্রচলিত বাস্তবতায় পরিবর্তনের নতুন সম্ভাবনা তৈরি করছে।ফটিকছড়ি আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেন, উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীদের বৃত্তি প্রদান এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরিতে উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি তাঁদের নিজস্ব ভাষা, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে পাহাড়ি জনপদের তরুণীদের এই অগ্রযাত্রা আরও বিস্তৃত হতে পারে।








