ফরিদপুরের আলফাডাঙ্গায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ফ্যামিলি কার্ড কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সংগৃহীত তথ্যের নির্ভুলতার ওপরই প্রকৃত হকদার পরিবারগুলো সরকারি সহায়তা পাওয়ার বিষয়টি অনেকাংশে নির্ভর করবে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ ও ১১ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণে ৩৩ জন তথ্য সংগ্রহকারী ও ৩ জন সুপারভাইজার প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। এরআগে প্রথম পর্যায়ে ১৩ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপারভাইজারসহ মোট ১৫ জন প্রশিক্ষণ শেষ করে ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। সব মিলিয়ে এই পুরো কর্মসূচিতে মোট ৫১ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।








