গত শনিবার (২১ নভেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত তারা। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের ফেরত পাঠানো হয়েছে। মন্ত্রণালয় বলেছে, ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে যৌথ অভিযান চালিয়ে ১০ হাজার ৭৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে অভিযানে অংশ নেয় বিভিন্ন সরকারি সংস্থা। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৩৮ হাজার ৭৩০ জন পুরুষ এবং ২ হাজার ২১১ জন নারী। এছাড়া, ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য ২৩ হাজার ২৫০ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। অন্যদিকে, দেশে ফেরার ব্যবস্থা সম্পন্ন করতে আরও ১০ হাজার ৮১৪ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এই এক সপ্তাহে মোট ১১ হাজার ৯১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
তবে, এই সংখ্যা ওই সপ্তাহে নতুন করে গ্রেফতার হওয়া ১০ হাজার ৭৮৩ জনের সংখ্যা থেকে আলাদা। অর্থাৎ, ফেরত পাঠানো সবাই যে ওই সপ্তাহে গ্রেফতার হয়েছেন, এমনটা নয়। এদিকে, সৌদি আরবের সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে ১ হাজার ৩৭৩ জনকে আটক করা হয়েছে। অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন আরও ২৮ জন। সূত্র: গলফ নিউজ








