চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে বদর উদ্দিন (৫৩) নামে এক বিল পাহারাদার নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) ভোরে ইউনিয়নের গহেরপুর গ্রামের কামরিয়া বিলের মাঠ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত বদর উদ্দিন তিতুদহ ইউনিয়নের গহেরপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি পেশায় ওই বিলের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে কামরিয়া বিলের পাহারার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বদর উদ্দিন। এরপর বিলের নির্জন মাঠের একটি কুঁড়েঘরে অবস্থান করছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, গভীর রাতের কোনো এক সময়ে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। ঘাতকরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।বুধবার ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় কৃষক ও এলাকাবাসী মাঠে কাজের উদ্দেশ্যে গেলে কুঁড়েঘরের পাশে বদর উদ্দিনের নিথর ও রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দর্শনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ জানিয়েছে, নিহতের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি গভীর জখমের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।







