নওগাঁর মান্দায় দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার প্রসাদপুর বাজারে পূবালী ব্যাংক পিএলসি প্রসাদপুর উপশাখার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন।
‘ক্যাশলেস প্রসাদপুর, এক দেশ এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক প্রসাদপুর উপশাখার ব্যবস্থাপক মো. ইদ্রিস আলী। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের জোনাল ইনচার্জ (অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল) মো. দুলাল বারী ও দেলুয়াবাড়ি শাখার ব্যবস্থাপক মো. নূরুল আলম।
ব্যাংকের ডেপুটি জুনিয়র অফিসার মহিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রসাদপুর বাজার বণিক সমিতির সভাপতি আকতারুজ্জামান আল মনসুরসহ অন্যরা।
বক্তারা বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে নগদ অর্থ ছাড়াই সহজ, নিরাপদ ও দ্রুত লেনদেন করা সম্ভব। এতে ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে। এ সময় ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলা কিউআর ব্যবহারে সার্ভিস চার্জ মওকুফের দাবি জানান।
অনুষ্ঠান শেষে ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড ও পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন বিতরণ করা হয়। পরে প্রসাদপুর বাজারে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।








