বগুড়ায় চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে মারা গেছেন নাটক ও সিনেমার পরিচিত মুখ অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর।
জানা গেছে, বর্তমানে ‘নসিব’ নামের একটি সিনেমার শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন এই অভিনেতা। মঙ্গলবার সকালে হোটেল থেকে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান তিনি। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল জানান, সকালে ঘুম থেকে উঠে নাশতা করেন সোহেল খান। এরপর সহকর্মীদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেন এবং হাসি-আড্ডায় সময় কাটান। একপর্যায়ে পোশাক পরিবর্তন করে কক্ষ থেকে বের হওয়ার সময় দরজার সামনে হঠাৎ পড়ে যান তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিচালক আরও জানান, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে অভিনেতার মরদেহ সাভারের ধামরাইয়ে তাঁর নিজ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করা হবে।
শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই বিপত্তি অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সোহেল খানের মৃত্যুর ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, বগুড়ার হোটেল মম ইন-এ ‘নসিব’ সিনেমার শুটিং চলছিল। সকালে শুটিংয়ের জন্য সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। তাঁকে নিতে হোটেলের নিচে গাড়িও অপেক্ষা করছিল। এ সময় প্রোডাকশন বিভাগের একজন কর্মী তাঁকে ডাকতে কক্ষে যান। কক্ষ থেকে বের হওয়ার মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা।
পরে তাঁর মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায় বলে জানান জয়। প্রথমে সহকর্মীরা বিষয়টির গুরুত্ব বুঝতে না পারলেও দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে স্মরণ করেন।
নাটক-সিনেমায় সমৃদ্ধ অভিনয়জীবন দীর্ঘদিন ধরে ছোট পর্দা ও বড় পর্দায় অভিনয় করে দর্শকদের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন সোহেল খান। বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে তাঁর পর্দায় যাত্রা শুরু হয়। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে তিনি আলোচনায় আসেন।
পরবর্তী সময়ে একক নাটক ও ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ এবং ‘নিমন্ত্রণ রইল সবার’। জনপ্রিয় ধারাবাহিক ‘ফোরটোয়েন্টি’তেও দীর্ঘ সময় অভিনয় করেছেন তিনি।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও ছিল তাঁর নিয়মিত উপস্থিতি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশ: দ্য লিডার’, ‘পরবাসিনী’, ‘প্রিয় কমলা’, ‘কেমনে কি!’, ‘শান’ ও ‘জংলি’।
অভিনয়ের ক্ষেত্রে হাস্যরসাত্মক চরিত্রে তাঁকে বেশি দেখা গেলেও নেতিবাচক ও ভিন্নধর্মী চরিত্রেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন এই শিল্পী।
তাঁর আকস্মিক চলে যাওয়ায় দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন চরিত্রে দর্শকদের বিনোদিত করা এই অভিনেতা তাঁর কাজের মধ্য দিয়েই স্মরণীয় হয়ে থাকবেন।








