দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ২৭৩ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৮০ জন। গত ১৫ মার্চ থেকে ১১ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ৯৮ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৩ জন। গত ১৫ মার্চ থেকে ১১ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৪২১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১১ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৪৭ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১১ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ১১ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু : দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন।
তাঁদের মধ্যে বরিশাল বিভাগে ২৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৫৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৫০ জন, খুলনা বিভাগে ৩০৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন, রংপুর বিভাগে ৮৪ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১১ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৯ হাজার ২৭৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ৮০৩ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৯৬ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মারা যান মোট ৪১৩ জন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগে ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
ওই বছর ডেঙ্গুতে মারা যান ১ হাজার ৭০৫ জন।








