মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টা ৪৫ মিনিটে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরণের খিলগাঁও গ্রামের শেখ মোসলেমের বসতঘরের পেছনের খালি জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হিরণের খিলগাঁও গ্রামের মো. আয়নাল (৫৫), তাঁর স্ত্রী ইয়াছমিন বেগম (৫০) এবং চম্পকদী গ্রামের জামাল (৩১)। তাঁরা সবাই সিরাজদিখান উপজেলার বাসিন্দা।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এসআই (নিঃ) হাসনাইন আহম্মেদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ ও অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।








