যশোর-খুলনা মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় নড়াইল নার্সিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার ২৯ নভেম্বর ভোর ৬টার দিকে যশোর সদর উপজেলার গোপালপুর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থী যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের কবির হোসেনের মেয়ে আসমা খাতুন (২২)। তিনি নড়াইল নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের ভাই মঈন হোসেন জানান, রোববার ভোরে বোনকে নড়াইল নার্সিং ইনস্টিটিউটে পাঠানোর জন্য মোটরসাইকেলে করে যশোর-নড়াইল বাসস্ট্যান্ডে নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে যশোর-খুলনা মহাসড়কের গোপালপুর গেট এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি মাইক্রোবাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন আসমা।
পরে তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইউসুফ আলী তাঁকে হাসপাতালে ভর্তি করেন। ভর্তির কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।এদিকে আসমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নড়াইল ও যশোর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, নার্স ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁকে শেষবারের মতো দেখতে হাসপাতালের মর্গে ভিড় করেন সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা।







