সমবায় শক্তি, সমবায় মুক্তি—করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোর সদর উপজেলার কেশবপুরে মেঘনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
সমিতির সভাপতি মোহাম্মদ বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জিরা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোছাঃ উম্মে আছমা খানম ও মোঃ মাহফুজ রেজা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির ব্যবস্থাপনা পরিচালক মোঃ দেলোয়ার হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সহ-সভাপতি মোঃ মফিজুল ইসলাম।
সভায় সমিতির বার্ষিক কার্যক্রম, সঞ্চয় কার্যক্রম, ঋণ প্রদান এবং সদস্যদের আর্থিক উন্নয়নে সমবায়ের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় সমিতির সদস্য, উপকারভোগী সদস্য ও ফিল্ড অফিসার বক্তব্য দেন। পাশাপাশি সেরা সঞ্চয়ী সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির আইন উপদেষ্টা অ্যাডভোকেট আমিনুল ইসলাম এবং দৈনিক নলডাঙ্গার সময়ের সম্পাদক ও প্রকাশক এবং কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড নাটোরের সভাপতি মোঃ আব্দুস শহীদ।
বক্তারা বলেন, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করলে ব্যক্তি ও সমাজের আর্থিক উন্নয়ন সম্ভব। সমবায়ের মূল লক্ষ্য হওয়া উচিত সদস্যদের স্বার্থ সংরক্ষণ, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাওয়া।
শেষেসভায় সমিতির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, মেঘনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ২০১৪ সালের ১৫ মে নিবন্ধিত হয়। সমিতিটির নিবন্ধন নম্বর ৯১। এর কার্যালয় নাটোর সদর উপজেলার কেশবপুর, ডাকঘর ছাতনী, নাটোরে অবস্থিত।








