ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের মিঠাপুর তালুকদারপাড়া যুবসমাজের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় তরুণ সমাজসেবক ও আসন্ন সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান (হৃদয় আশিক)-এর সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। তার এই উদ্যোগ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
টানটান উত্তেজনাকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে উপস্থিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা কামরুল ইসলাম দাউদ, স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য ইনামুল তালুকদার এবং সাবেক ইউপি সদস্য রফিক তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।








