শিক্ষার্থীদের নৈতিক ও ইসলামি শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে শরীয়তপুরের ডামুড্যায় ‘সমবায় শান্তি সংঘ’-এর উদ্যোগে ইসলামি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ তারিখ) সকাল ১০টায় উপজেলার আলহাজ্ব আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন হয়।
এবারের মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম থেকে ৮ম শ্রেণির সর্বমোট ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় কেন্দ্র প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্রের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় শিক্ষাবিদগণ। সমবায় শান্তি সংঘের ভারপ্রাপ্ত সভাপতি মো. সুমন মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, পূর্ব ডামুড্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন, কনেশ্বর এস. সি. এডওয়ার্ড ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষক হাবিবুল্লাহ, শরীয়তুল্লাহ, ১১নং চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দীক।
এছাড়াও আয়োজক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমবায় শান্তি সংঘের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন, বোরহান উদ্দিন, কাওসার আহমেদ, সেলিম উকিল, শাকিল উকিল, জুয়েল, আবু সাইদ, আকাশ গাজী প্রমুখ।
পরীক্ষা পরিদর্শন শেষে অতিথিরা এমন সময়োপযোগী ও শিক্ষামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এবং মেধাবীদের উৎসাহিত করতেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।








