ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদীর ওপারে দুটি পূর্ণবয়স্ক চিতাবাঘের উপস্থিতি দেখা গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে বাঘ দুটির বিচরণ দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী লোকালয়ের কাছাকাছি বাঘের উপস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৬টার দিকে সীমান্তবর্তী নাগর নদীর পাড়ে দুটি বাঘ বিচরণ করতে দেখে স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন। এ সময় সে মুঠোফোনে বাঘ দুটির ছবি ধারণ করে। পরে বাঘ দুটিকে পার্শ্ববর্তী একটি চা-বাগানের ভেতরে ঢুকে যেতে দেখা যায়।
স্থানীয়দের ধারণা, বাঘ দুটি ভারতীয় সীমান্তের ভেতরে অবস্থান করছে। তবে নাগর নদী ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী হওয়ায় নদী পেরিয়ে বাঘগুলো বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। এ ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলোতে সাধারণ মানুষের চলাচলে সতর্কতা দেখা দিয়েছে। বিশেষ করে কৃষকরা ফসলের মাঠে যাওয়া এবং গবাদিপশু নিয়ে বাইরে বের হওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, চা-বাগানের ঝোপঝাড়ে বাঘ দুটি লুকিয়ে থাকায় সেগুলোর অবস্থান নিশ্চিত করা কঠিন। বাঘগুলো কখন নদী পার হয়ে লোকালয়ে চলে আসে, তা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে সংশ্লিষ্ট বন বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
তবে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাঘ দুটির অবস্থান ভারতের সীমান্তের ভেতরে, বাংলাদেশের সীমান্তের ওপারে। তাই আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নেই। তারপরও সীমান্তবর্তী বাসিন্দাদের সতর্ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সহায়তায় বাঘ দুটির প্রজাতি ও অবস্থান নিশ্চিত করা এবং সেগুলো যেন লোকালয়ে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।








