নওগাঁর মান্দায় বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মান্দা উপজেলা যুবদলের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মকলেছুর রহমান মকে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর সহধর্মিণী ও মান্দা উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি লায়লা বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, সাবেক ছাত্রনেতা নূর বক্স মণ্ডল, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন হিল্লোল।
এ ছাড়া উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আসা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার প্রেক্ষাপট, রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলীয় আদর্শ ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, সংগঠনের ঐতিহ্য ও আদর্শ সমুন্নত রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি সাংগঠনিক ঐক্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।








