উপকূলীয় কয়রায় ডেঙ্গু আতঙ্ক মোকাবিলায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সঙ্গে এক ব্যতিক্রমী গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
বারসিকের প্রকল্প ফিল্ড অফিসার মধুময় সরকারের সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কয়রা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান।
এ সময় আরও বক্তব্য দেন ইউপি সদস্য শেখ আবুল কালাম, আজাদ, নাজমুছ্ছায়াদাত, হরেন্দ্রনাথ সরকার, মোস্তফা শফিকুল ইসলাম, শেখ সোহরাব হোসেন, আবু হোরাইরা খোকন, সেলিনা খাতুন ও মুর্শিদা খাতুন।
এছাড়া ইউনিয়ন সিএসও সদস্য মো. রিয়াছাদ আলী, আনারুল ইসলাম ডাবলু, ফরহাদ হোসেন, মিজানুর রহমান লিটন, সুব্রত মন্ডল ও স্বপ্না মন্ডলসহ অন্যান্যরা বক্তব্য দেন।
সংলাপে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ আরো জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সংলাপে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, স্বেচ্ছাসেবক, সাংবাদিক, যুব প্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও গ্রাম সংগঠনের সদস্যরা অংশ নেন। শেষে উপকূলীয় কয়রাকে ডেঙ্গুমুক্ত রাখতে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।






