শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ভ্রমণ ভিসায় ভারতে যাওয়ার জন্য চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে গেলে কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় তাওহীদুল ইসলাম বুখারীকে (৩৬) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
আটক তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল সদর উপজেলার আদি টাঙ্গাইল গ্রামের বাসিন্দা। তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য। তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা গেছে।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, তার কাগজপত্র যাচাইয়ের সময় টাঙ্গাইল সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায়। এরপর তাকে আটক করা হয়।
দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তুহিন জানান, আটক বুখারীকে দর্শনা থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরে তাকে টাঙ্গাইল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
আটকের বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বলেন, তাওহীদুলের বিরুদ্ধে টাঙ্গাইল থানায় নাশকতার মামলা রয়েছে। তবে কী কারণে তিনি ভারতে যাচ্ছিলেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তাকে নিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ইতোমধ্যে টাঙ্গাইল থেকে রওনা হয়েছেন।








