দেশের রিটেইল ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্চেন্টদের লাইসেন্স ইস্যু ও নবায়নের অন্যতম শর্ত হিসেবে বাংলা কিউআর মাধ্যমে লেনদেনের ব্যবস্থা বাধ্যতামূলক করার নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো ও ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এতে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, দেশের জনগণের আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে রিটেইল ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্চেন্টদের লাইসেন্স ইস্যু ও নবায়নের অন্যতম শর্ত হিসেবে বাংলা কিউআর মাধ্যমে লেনদেন অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করতে হবে। এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ১ সেপ্টেম্বরের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ এ নির্দেশনা জারি করে। নির্দেশনাটি কার্যকর করতে সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সব পৌরসভার প্রশাসক এবং জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
জেলা প্রশাসকদের তাদের অধীন ইউনিয়ন পরিষদগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।








