দীর্ঘ বিরতির পর আবার সিনেমায় দেখা মিলতে যাচ্ছে নন্দিত বলিউড অভিনেত্রী এশা দেওলের।
তাঁকে দেখা যাবে ‘প্রতাপ’ নামে অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমায়। যেখানে তিনি অভিনয় করেছেন পুনম নামের এক নারী চরিত্রে। যে বলবে জীবনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়ে আত্ম-অনুসন্ধান, নীরবে লড়াই এবং নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনে নেওয়ার গল্প। এরই মধ্যে ছবিতে এশা অভিনীত ‘পুনম’ চরিত্রের চেহারা প্রকাশ করেছেন নির্মাতারা।
এ তথ্যের পাশাপাশি আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ২৬ অক্টোবর আসছে ‘প্রতাপ’ সিনেমার ঝলক; এরপর ট্রেলার।
সর্বশেষ আগামী ২০ নভেম্বর সিনেমাটি বলিউডসহ ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইউভি ফিল্মস। প্রদীপ রঙ্গওয়ানী পরিচালিত ‘প্রতাপ’ সিনেমায় এশা দেওলের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত সাধ, সীমা বিশ্বাস, মিলিন্দ গুনাজি, তিগমাংশু ধুলিয়া, দুষ্মন্ত ওয়াগ প্রমুখ।
‘প্রতাপ’ সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অভিনেত্রী এশা দেওল নিজে। তাঁর কথায়, বিরতি ভেঙে অভিনয়ে ফেরার জন্য এমন একটি সিনেমার প্রতীক্ষায় ছিলেন তিনি। দেড়িতে হলেও কাঙ্ক্ষিত গল্প ও চরিত্র দিয়ে অভিনয়ে ফিরতে পারায় অন্য রকম এক ভালো লাগা কাজ করছে। এই সিনেমার বড় শক্তির জায়গা হলো এর গল্প। যেখানে দেখা যাবে, পুনম নামের এক নারীর কাছে তার পরিবারই সব। তার জীবন গড়ে উঠেছে এমন এক মানুষের প্রতি বিশ্বাসকে কেন্দ্র করে, যাকে সে সবচেয়ে বেশি ভরসা করে। কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় পুনমকে, যা তার দীর্ঘদিনের ধারণা ও বিশ্বাসকে প্রশ্নের মুখে দাঁড় করায়।
তখন নিজের পথ নিজেকে খুঁজে নিতে হয়। ক্ষমতা, ন্যায়বিচার এবং ব্যক্তিগত সিদ্ধান্তের পরিণতি জন্ম দেয় নানা নাটকীয়তার। আর এ সব কিছু মিলিয়ে এই সিনেমাটি হয়ে উঠেছে তাঁর অভিনয় ক্যারিয়ার ব্যতিক্রমী একটি কাজ। যা দর্শক মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।








