মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহিপাড়া বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বাজারের নাইম স্টোরে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণের অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ মনিরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সালাহউদ্দিন গোশত বিতানে গরুর মাংস বিক্রি করা হলেও মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছিল না। এ অপরাধে দোকানটির কর্মচারী ইউসুফ মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।
ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








