এই সময়ের নাটকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় একজন নাজনীন নীহা। ছোট পর্দায় নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে তার অভিনয়ে এসেছে পরিণতিবোধ, চরিত্র নির্বাচনে দেখা যাচ্ছে সচেতনতা।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘ইনস্টাগ্রাম’-এর কাজ শুরু করেছেন নাজনীন নিহা। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন খায়রুল বাসার। নতুন এই কাজ নিয়ে ব্যস্ততার মধ্যেই আবারও আলোচনায় এসেছে সিনেমায় অভিনয়ের প্রসঙ্গ। অভিনয়জীবনের শুরু থেকেই বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে নিহাকে দেখার আগ্রহ প্রকাশ করে আসছেন অনেকে। তবে বড় পর্দায় অভিষেকের বিষয়ে এখনই তাড়াহুড়ো করতে চান না তিনি।
এ প্রসঙ্গে নিহা বলেন, ‘আমি এখনো আসলে বাণিজ্যিক ঘরানার সিনেমা বলতে যা বোঝায়, তাতে কাজ করার জন্য প্রস্তুত নই। অবশ্যই সিনেমায় অভিনয় করব। তবে তা এখন নয়। আমার মনে হয়, নিজেকে প্রস্তুত করার এখনো অনেক বাকি। সময় হলেই আমি সিনেমায় অভিনয় করব, তখন সবাই জানতে পারবেন।’
সিনেমায় অভিনয়ের জন্য সময় নেওয়ার কারণ ব্যাখ্যা করে এই অভিনেত্রী আরও বলেন, ‘সত্যি বলতে কী, নাটকে অভিনয় করতেই আমি এখনো স্বাচ্ছন্দ্যবোধ করি। সিনেমা অনেক বড় একটি বিষয়। সেখানে অভিনয়ের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করেই কাজে নামতে চাই। সে কারণেই একটু সময় নিচ্ছি।’
সাম্প্রতিক নাটক ‘ভালো আছো তো’ যেন তারই আরেকটি উদাহরণ। জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা নাটকটি প্রকাশের পর দর্শকের কাছ থেকে সাড়া পাচ্ছেন বলে জানান এই অভিনেত্রী। পাশাপাশি অভিনয়ের জন্য প্রশংসাও কুড়াচ্ছেন তিনি।








