নওগাঁর মান্দা উপজেলায় ২ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার পাকা রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নওগাঁর বাস্তবায়নে এবং নওগাঁ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়নে পৃথক দুটি রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই সড়ক দুটির নির্মাণকাজের উদ্বোধন করেন।
উদ্বোধন করা রাস্তা দুটির মধ্যে রয়েছে— প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াদাঙা গ্রামের খইবর চেয়ারম্যানের বাড়ি থেকে ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার এবং একই ইউনিয়নের দ্বারিয়াপুর জামতলা মোড় থেকে সদেরুল মাস্টারের বাড়ির নিকট পর্যন্ত আরও এক কিলোমিটার রাস্তা।
দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানে রাস্তা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, পাকা রাস্তা নির্মাণ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সাবেক ছাত্রদল সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হোসেন প্রামাণিক, উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. শাহিনুর রহমান ও মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, যুবদল নেতা মাস্টার আব্দুল মালেক, তালহা যুবায়ের ও জুয়েল রানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, এলাকার মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে এবং গ্রামীণ অবকাঠামোর সার্বিক উন্নয়নে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে রাস্তা দুটির নির্মাণকাজ শেষ করলে প্রসাদপুর ইউনিয়নের যোগাযোগব্যবস্থায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আসবে।








