নওগাঁর মহাদেবপুর উপজেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘গ্রেফতার চার জনকে পূর্বের একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।’
গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া সরদারপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ও স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান ওরফে সোহাগ (২৫), একই গ্রামের অবির উদ্দীন সরদারের ছেলে পিয়ারুল ইসলাম মুসা (১৯), মৃত আবুল কালাম আজাদের ছেলে মাহমুদ রায়হান (৩০) এবং চকগোড়া পূর্বপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সোহেল হোসেন (২১)। তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অস্থিতিশীলতা প্রতিরোধে সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের ওই চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। পরে তাদের পূর্বের একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।’






