বগুড়া সদর উপজেলার উত্তর লাহিড়ীপাড়া নূর আলা নূর জামে মসজিদের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় মসজিদ প্রাঙ্গণে স্থানীয় সুধীজন, মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী ফজলার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মসজিদ মহান আল্লাহর ঘর। পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি মসজিদের সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার উন্নয়নমুখী কার্যক্রমে বিশ্বাসী। উত্তর লাহিড়ীপাড়া নূর আলা নূর জামে মসজিদের নতুন ভবন নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নে সরকারি সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আপেল মাহমুদ, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাফতুন আহমেদ এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাংবাদিক আলহাজ্ব আব্দুল বাছেত, আবু জিন্নাহ সাকিদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সারোয়ার হোসেন মুকুল, মোস্তাফিজার রহমান, সায়েদজ্জামান মাস্টার, এনামুল হক উকিল, ডা. আব্দুল মালেক, আব্দুল মালেক তুহিন, রফিকুল ইসলাম মাস্টার, গোলাম রব্বানী, ইউপি সদস্য মাফুজার রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ মন্ডল, সংরক্ষিত মহিলা সদস্য আঞ্জুয়ারা সহিদুল, ছাত্রনেতা নুর আলমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসভাপতি হেলাল উদ্দীন, ইদ্রিস আলী, কমিটির সদস্য আকবর আলী, মোজাম্মেল হোসেন বাবলু, আব্দুল মান্নান, তৌহিদুল ইসলাম, নজরুল ইসলাম ও রুবেল আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে মসজিদের নতুন ভবন নির্মাণের এ উদ্যোগকে ঘিরে উপস্থিত সবার মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ভবন নির্মিত হলে এলাকার মুসল্লিদের নামাজ আদায়ে অধিকতর সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি হবে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও মসজিদটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং মসজিদের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হওয়ার কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।








