সুনামগঞ্জের ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ধারালো টেঁটার আঘাতে হানিফা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার চরমহল্লা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরদুর্লভ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হানিফা বেগম ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চরদুর্লভ গ্রামের লাল মিয়ার সঙ্গে একই গ্রামের আবদুল হান্নানের দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবদুল হান্নানের ছেলে জামাল উদ্দিন (৪০) দেশীয় অস্ত্র টেঁটা নিয়ে তাঁর চাচা লাল মিয়ার ওপর হামলা চালান।
এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে আসেন হানিফা বেগম। অভিযোগ, তখন জামাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর ধারালো টেঁটা দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন হানিফা বেগম।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কৈতক ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর বিকেল পৌনে ৪টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বিকেলে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন (পিপিএম) ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্তের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ছাতক থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাওনা টাকা নিয়ে পারিবারিক বিরোধের জেরে টেঁটার আঘাতে ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।






