যশোর শহরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদ, জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্মৃতিচিহ্ন রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের দাবিতে স্মারকলিপি দিয়েছে জুলাইযোদ্ধা সংগঠন, যশোর জেলা শাখা।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোরের জেলা প্রশাসকের কাছে পৃথক দুটি স্মারকলিপি দেওয়া হয়। এ ছাড়া জেলা পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাদের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
জুলাইযোদ্ধা সংগঠন, যশোর জেলা শাখার আহ্বায়ক মো. আহাদ হোসাইন ও সদস্যসচিব মো. রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত স্মারকলিপিতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
পাশাপাশি যশোর জেলার সব জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, জুলাই স্মৃতিস্তম্ভসহ জেলার বিভিন্ন স্থানে থাকা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্নের সুরক্ষায় কার্যকর নজরদারি বাড়ানো এবং গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাদের প্রতি দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জুলাইযোদ্ধাদের নিরাপত্তা এবং গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যৌথভাবে নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়মিত সমন্বয় ও যোগাযোগব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
জুলাইযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও রাজনৈতিক নেতাদের এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।








