ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার রুদ্রবানা নতুন বাজার সংলগ্ন বিস্তীর্ণ মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা ২৬টি ঘোড়া অংশ নেয়। হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন।
আয়োজকদের মধ্য থেকে উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাদী জিয়াউর রহমান ও স্থানীয় ইউপি সদস্য বাবার শেখ জানান, গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতেই এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উৎসবে মেতে ওঠা গ্রামবাসী জানান, এমন আয়োজন নতুন প্রজন্মকে গ্রামীণ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে সাহায্য করবে।








