চুয়াডাঙ্গার জীবননগরে চাঁন মিয়া ওরফে চান্দালী (৫০) নামে এক ব্যাটারিচালিত অটোভ্যানচালকের মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯শে অক্টোবর) সকালে উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর-সাফদারপুর সড়কের পাশের একটি মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
নিহত চান্দালী জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের বালিগর্তপাড়ার জোনাব আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ভাড়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন চান্দালী। এরপর গভীর রাত হয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে চরম দিশেহারা হয়ে পড়েন।আজ সোমবার সকালে শাহাপুর-সাফদারপুর সড়কের পাশের একটি মেহগনি বাগান থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে পথচারীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা বাগানের ভেতরে গিয়ে একটি মস্তকবিহীন অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিখোঁজের সংবাদ পেয়ে চান্দালির পরিবারের লোকজনও ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরনের পোশাক ও শারীরিক গঠন দেখে লাশটি চান্দালির বলে শনাক্ত করেন।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। হত্যার মূল রহস্য উদ্ঘাটন এবং ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধারে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।






