মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, সরকারি সেবার মান বৃদ্ধি, জনসাধারণের ভোগান্তি কমানো এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমি মাহবুব এবং পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম উপস্থিত ছিলেন।
এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশ নেন।
সভায় গত সেপ্টেম্বর মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সংশ্লিষ্ট দপ্তরগুলোকে উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেন। একই সঙ্গে সরকারি সেবার মান বাড়ানো, সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সচেতনতার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, সরকারি সিদ্ধান্তের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।







