খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরে রাজনৈতিক বিতর্ক ও আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগকে কেন্দ্র করে সংগঠনের সভাপতি মোস্তফা সরোয়ারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেনকে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, নির্বাচিত হওয়ার পর সংগঠনের অভ্যন্তরে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা এবং বিভিন্ন কর্মকাণ্ডে সংগঠনকে বিতর্কিত করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে মোস্তফা সরোয়ারকে ঘিরে খুলনার পেশাজীবী সাংবাদিক, নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, ডুমুরিয়াসহ খুলনার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের পুনর্বাসনের তৎপরতার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে। এমনকি জেলার বিভিন্ন থানা এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ইন্ধন এবং অর্থায়নের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পরও খুলনায় দলটির সাবেক নেতাকর্মীদের সংগঠিত ও পুনর্বাসনের তৎপরতা চলছে। এ প্রক্রিয়ায় মোস্তফা সরোয়ারের ভূমিকা রয়েছে বলে তাঁদের অভিযোগ। খুলনার কয়েকটি সন্ত্রাসী চক্রের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলেও দাবি করেছেন কেউ কেউ। তবে এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কয়েকজন নেতার অভিযোগ, মোস্তফা সরোয়ারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যথাযথভাবে তদন্তের পরিবর্তে তাঁকে আড়াল করার চেষ্টা চলছে। এ ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ভূমিকা নিয়েও তাঁরা প্রশ্ন তুলেছেন।
তাঁদের ভাষ্য, খুলনা নগরী ও জেলার বিভিন্ন এলাকায় নাশকতা, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িতদের চিহ্নিত করা জরুরি। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের কারণে কেউ যেন আইনের আওতার বাইরে না থাকেন, সেটিও নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্ট মহলের দাবি, প্রেসক্লাবের মতো একটি পেশাজীবী সংগঠনকে রাজনৈতিক বিতর্ক ও বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের অভিযোগ থেকে মুক্ত রাখা প্রয়োজন। একই সঙ্গে মোস্তফা সরোয়ারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
তবে অভিযোগগুলোর বিষয়ে মোস্তফা সরোয়ার তার বিরুদ্ধের অভিযোগ অস্বীকার করেন।








